২ দিনের সফরে রবিবার সকালে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সকালে দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন রাহুল সিনহা, দিলীপ ঘোষ, পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ সহ বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা।বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরাও। রাজ্যে পালাবদলের পর প্রথমবার এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কলকাতা সফরে একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।
বিমান বন্দর থেকে নিতিন নবীন সোজা চলে যান নিউটাউনের হোটেলে। সেখানে বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শুনবেন। দুপুরে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন নিতিন। পাশাপাশি দলের বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতি, জেলা সভাপতি-সহ অন্যান্য নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর দলের সাংসদ, বিধায়ক এবং মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
সম্প্রতি বঙ্গ বিজেপি সংগঠনে অনেক রদবদল এনেছে। একাধিত সংগঠনে নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে। নতুন সভাপতিদের নিয়ে আলাদাভাবে কথা বলতে পারেন নিতিন নবীন।রাজ্যের সাংগঠনিক হাল হকিকত বুঝে নিতেই পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পাশাপাশি, সকলকে পার্টি লাইন বুঝিয়ে দেওয়া আজকের প্রথম বৈঠকের আলোচ্য বিষয়।
পরবর্তী মিটিং সারবেন বঙ্গ বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি বা বিধায়কদের সঙ্গে। মূলত বেশ কিছু বিধায়কদের কার্যক্রম এবং জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা নিয়েও আলোচনা হতে পারে। শেষ বৈঠকটি রয়েছে দলের কোর কমিটির সঙ্গে। নীতিন নবীনের প্রতিটা বৈঠকেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত থাকবেন।
বিজেপি সূত্রে খবর, বৈঠকগুলিতে রাজ্যে দলের সাংগঠনিক প্রস্তুতি, বুথ ও জেলা স্তর পর্যন্ত সংগঠনের সঙ্গে রাজ্য নেতৃত্বের সমন্বয় এবং দলের বিভিন্ন কর্মসূচি আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে। রাজ্যে ক্ষমতায় আসার পর সংগঠনকে কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে।















